ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দের জোয়ার। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে স্থানীয় সর্বস্তরের মানুষের মধ্যে দেখা দিয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস।
রাষ্ট্রপতি হিসেবে তাঁর নাম ঘোষণার পরপরই উল্লাসে মেতে ওঠেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে জেলা শহরে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান এবং আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। এ সময় দলীয় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও মিষ্টি বিতরণ করেন দলীয় নেতৃবৃন্দ।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পুরো জেলাবাসীর জন্য এক বিরাট গর্ব ও আনন্দের বিষয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয় রাজনীতিতে তিনি যে অনন্য ভূমিকা রেখেছেন, তারই স্বীকৃতি হিসেবে এই অর্জনকে দেখছেন স্থানীয়রা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
kalprakash.com/IM