বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারি এবং গাঁজা সেবনের অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে। বুধবার উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন ও মোরেলগঞ্জ পৌর এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন ও বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত অভিযানে চার কেজি গাঁজাসহ মো. দেলোয়ার শেখ (৬২) এবং গাঁজা সেবনের অভিযোগে মো. কাইয়ুম শেখ (৩৫)-কে আটক করা হয়।
আটক দেলোয়ার শেখ দৈবজ্ঞহাটি ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামের বাসিন্দা। অপরদিকে কাইয়ুম শেখ মোরেলগঞ্জ পৌরসভার মিত্রডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, মাদক সেবনের দায়ে আটক কাইয়ুম শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, চার কেজি গাঁজাসহ আটক দেলোয়ার শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
kalprakash.com/IM