বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৬:১২

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে সম্প্রীতি কাপ ফুটবলের উদ্বোধন

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:০৯
শেয়ার: mail
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে সম্প্রীতি কাপ ফুটবলের উদ্বোধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মাটিরাঙ্গা পৌরসভা একাদশ ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৯ আগস্ট।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, খেলাধুলা পাহাড়ে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে উদ্বুদ্ধ করতেই আমাদের এই আয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি এবং গুইমারা রিজিয়নের জিটুআই মেজর জিয়াসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ।

বিকেল ৪টা ১১ মিনিটে শুরু হওয়া উদ্বোধনী ম্যাচের ৪ মিনিটেই (৪:১৫) মাটিরাঙ্গা পৌরসভা একাদশের রায়হান গোল করে দলকে এগিয়ে নেন। তবে খেলার ২৩তম মিনিটে (৪:৩৪) সদর ইউনিয়ন একাদশের বিশ্বাস ত্রিপুরা গোল করে খেলায় ১-১ সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় পৌরসভা একাদশের মুন্না গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সদর ইউনিয়ন একাদশ ম্যাচটি ২-২ সমতায় শেষ করে।

ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ক্যাপ্রুসাই মারমা। সহকারী হিসেবে ছিলেন নয়ন উদ্দিন ও কাওছার আহাম্মেদ। সম্পূর্ণ ম্যাচে ধারাভাষ্য দেন ক্রীড়া সংগঠক ফোরকান হোসেন সোহাগ। মাটিরাঙ্গা পৌরসভাসহ মোট ৬টি দল লিগ পদ্ধতিতে এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা জামায়াতের আমির আবদুল জলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকার ও খাগড়াছড়ি জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নুর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে সম্প্রীতি কাপ ফুটবলের উদ্বোধন

বিস্তারিত কমেন্টে