ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে মোট ৪৯০টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা ও স্বয়ংক্রিয় জরিমানা (অটো ফাইন) সিস্টেম চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত মেঘনাঘাট হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আধুনিক এআই ক্যামেরা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে নির্ধারিত গতিসীমা লঙ্ঘন, ট্রাফিক আইন অমান্য, উল্টোপথে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং কিংবা ট্রাফিক সাইন ও সিগন্যাল উপেক্ষা করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা ধার্য হবে। এই জরিমানার তথ্য সরাসরি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভারে চলে যাবে এবং তাৎক্ষণিকভাবে গাড়ির নিবন্ধিত মালিকের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে পৌঁছে যাবে। ফলে গাড়ির মালিকরা ডিজিটাল পেমেন্ট পদ্ধতির মাধ্যমেই দ্রুত জরিমানা পরিশোধ করতে পারবেন।
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ চালক ও জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হাইওয়ে পুলিশ এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে। এই আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
kalprakash.com/IM