জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সেবার মাধ্যমে এ পর্যন্ত ৪ লাখ ৫০ হাজার ৮৭৬ জন বিচারপ্রার্থী সুফল পেয়েছেন।
২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত লিগ্যাল এইডের সামগ্রিক কার্যক্রম নিয়ে তৈরি করা এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।
প্রতিবেদনে জানানো হয়, পর্যালোচিত সময়ে প্রি-কেইস ও পোস্ট-কেইস পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য মোট ২ লাখ ৬২ হাজার ৫২৫টি উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ২ লাখ ২৯ হাজার ১৪৫টি বিরোধ বা মামলার সফল নিষ্পত্তি সম্ভব হয়েছে। এ প্রক্রিয়ায় প্রত্যক্ষ উপকারভোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে চার লাখেরও বেশি।
একই সময়ে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ, দেশের সব অধস্তন আদালত, শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিসহ মোট ১৫ লাখ ৬৩ হাজার ৫৬৬ জন নাগরিককে সরকারি খরচে সম্পূর্ণ বিনামূল্যে আইনি সেবা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশের আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ আইনি সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
kalprakash.com/IM