পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা মিলনায়তনে (অডিটোরিয়াম) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ১৭ জন নারীর হাতে আনুষ্ঠানিক সনদের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সামগ্রী তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।
গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের বিশেষ উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের কারিগরি সহায়তায় পাহাড়ি এলাকার নারীদের স্বাস্থ্যের মানোন্নয়নে এ বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দামসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের গর্ভকালীন পরিচর্যা, প্রসবকালীন জরুরি পরিস্থিতি সামলানো, নবজাতকের নিবিড় যত্ন এবং শিশুদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিস্তারিত হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “পাহাড়ের দুর্গম এলাকার মানুষ প্রায়ই জরুরি সময়ে দ্রুত স্বাস্থ্যসেবা পান না। তাই গর্ভবতী নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে আমরা তৃণমূলের মেয়েদের দক্ষ করে তুলছি। তারা যেন অর্জিত জ্ঞান নিজেদের পরিবার ও প্রতিবেশীদের সেবায় কাজে লাগাতে পারে।”
kalprakash.com/IM