শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩৯:৪৪

মুক্তির পরই পাইরেসির কবলে নোলানের ‘দ্য ওডিসি’, ৩ ঘণ্টায় ২১ লাখ ভিউ

বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:৫২
শেয়ার: mail
মুক্তির পরই পাইরেসির কবলে নোলানের ‘দ্য ওডিসি’, ৩ ঘণ্টায় ২১ লাখ ভিউ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করা ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ এবার অনলাইন পাইরেসির কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিনেমাটির পুরো ১৭২ মিনিটের সংস্করণ অবৈধভাবে প্রকাশের পর মাত্র কয়েক ঘণ্টায় সেটি ২১ লাখের বেশি বার দেখা হয়। পরে ভিডিওটি সরিয়ে নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অ্যাকাউন্টও স্থগিত করেছে এক্স কর্তৃপক্ষ।

হলিউডভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার এক ব্যবহারকারী কপিরাইট আইন লঙ্ঘন করে সিনেমাটির পূর্ণদৈর্ঘ্য সংস্করণ এক্সে প্রকাশ করেন। পোস্ট করার তিন ঘণ্টারও কম সময়ের মধ্যে ভিডিওটি ২১ লাখের বেশি ভিউ পায়। ভিডিওটির মানও তুলনামূলকভাবে ভালো ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিনেমাটি এখনো মূলত প্রেক্ষাগৃহেই প্রদর্শিত হচ্ছে। নোলান ছবিটি ৭০ মিলিমিটার ফিল্মে ধারণ করেছেন এবং আইম্যাক্সের জন্য বিশেষভাবে নির্মাণ করেছেন। বিশ্বজুড়ে এ ধরনের আইম্যাক্স স্ক্রিনের সংখ্যা প্রায় ৪৫টি।

ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে ও রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ওডিসি’ মুক্তির পর বক্স অফিসেও ভালো সাড়া পাচ্ছে। প্রতিবেদনের দাবি অনুযায়ী, মাত্র দুই সপ্তাহান্তে বিশ্বব্যাপী ছবিটির আয় ৪৫ কোটি পাউন্ড ছাড়িয়েছে। ছবিটির নির্মাণ বাজেট ছিল প্রায় ১৮ কোটি ৭০ লাখ পাউন্ড।

পাইরেটেড ভিডিও ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর দ্রুত সেটি সরানোর উদ্যোগ নেয় ইউনিভার্সাল স্টুডিও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কপিরাইট লঙ্ঘনের ঘটনাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। নিজেদের কনটেন্ট ও মেধাস্বত্ব সুরক্ষায় আইনি পদক্ষেপসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

প্রেক্ষাগৃহে প্রদর্শনের সময় উচ্চমানের কোনো চলচ্চিত্র অনুমতি ছাড়া অনলাইনে ছড়িয়ে দেওয়া বাণিজ্যিক পর্যায়ের পাইরেসি হিসেবে বিবেচিত হতে পারে। যুক্তরাজ্যের আইনে এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও সীমাহীন জরিমানার বিধান রয়েছে। ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে আর্থিক ক্ষতিপূরণও দাবি করতে পারে।

এদিকে ‘দ্য ওডিসি’কে ঘিরে বিতর্ক শুধু পাইরেসিতে সীমাবদ্ধ নেই। ছবিতে হেলেন অব ট্রয়ের চরিত্রে অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ং’ওকে কাস্ট করা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়েছে।

এক্সের মালিক ইলন মাস্ক কাস্টিং নিয়ে নোলানের বিরুদ্ধে বর্ণবাদী মনোভাবের অভিযোগ তোলেন এবং হোমারের মহাকাব্যের মূল চরিত্র ও প্রেক্ষাপট বিকৃত করার দাবি করেন। তবে নোলান জানিয়েছেন, লুপিতাকে এই চরিত্রের জন্য তার প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করা হয়েছিল। ‘এল’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিনেত্রীর দৃঢ়তা ও ভারসাম্যপূর্ণ অভিনয়ক্ষমতার প্রশংসা করেন।

কাস্টিং নিয়ে সমালোচনার বিষয়ে নোলান বলেন, বড় পরিসরের চলচ্চিত্র নির্মাণে এমন আলোচনা ও সমালোচনা আসতেই পারে। তবে সিনেমাটি দেখার আগে শুধু কাস্টিং বা অন্যান্য বিষয় নিয়ে মন্তব্য করা অর্থহীন বলেও তিনি ইঙ্গিত দেন।

অন্যদিকে ইলন মাস্ক জানিয়েছেন, তার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘গ্রোক ইমাজিন’ ব্যবহার করে হোমারের মহাকাব্যের একটি ঐতিহাসিকভাবে নির্ভুল সংস্করণ তৈরির পরিকল্পনা রয়েছে তার।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মুক্তির পরই পাইরেসির কবলে নোলানের ‘দ্য ওডিসি’, ৩ ঘণ্টায় ২১ লাখ ভিউ

বিস্তারিত কমেন্টে