শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | সকাল ৮:০৭:৫৪

স্বামীর মৃত্যুর শোকে আধা ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:৪৯
শেয়ার: mail
স্বামীর মৃত্যুর শোকে আধা ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অসুস্থতাজনিত কারণে এক ব্যক্তির মৃত্যুর প্রায় আধা ঘণ্টার ব্যবধানে শোকে তাঁর স্ত্রীরও মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন স্থানীয় মুদিদোকান ব্যবসায়ী হায়দার আলী (৭০) ও তাঁর স্ত্রী রহিমা বেগম।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হায়দার আলী নিজ দোকানে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সহযোগিতায় দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

পরে স্বজনরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে গেলে স্ত্রী রহিমা বেগম স্বামীর মরদেহ দেখে গভীর শোকে মূর্ছা যান। স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে প্রায় আধা ঘণ্টার ব্যবধানে তিনিও মারা যান।

মৃত হায়দার আলীর শ্যালক মাওলানা আশরাফুল আলম জানান, প্রায় তিন বছর আগে হায়দার আলী ও রহিমা বেগমের একমাত্র ছেলে জুয়েল স্ট্রোক করে মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলের মৃত্যুর পর থেকেই বৃদ্ধ দম্পতি গভীর মানসিক কষ্টে দিন কাটাচ্ছিলেন। তাঁদের সংসারের একমাত্র উপার্জনের উৎস ছিল হায়দার আলীর মুদিদোকান। পরে পুত্রবধূ দোকান পরিচালনায় সহযোগিতা করতেন।

তিনি আরও জানান, ছেলের মৃত্যুর পর থেকেই হায়দার আলী হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বৃহস্পতিবার বিকেলে অসুস্থ হয়ে বাড়ি ফেরার পথেই তাঁর মৃত্যু হয়। এ খবর শুনে রহিমা বেগম স্বামী হারানোর শোক সহ্য করতে না পেরে অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন।

স্বজনদের ভাষ্য, বর্তমানে পরিবারটিতে উপার্জনক্ষম কোনো সদস্য নেই। মৃত দম্পতির পুত্রবধূ ও তাঁর দুই ছোট সন্তানকে নিয়ে পরিবারটি অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward