মহান স্বাধীনতার ৫৫তম বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন এবং জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া নিজ নিজ অবস্থান থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নেতৃত্বে দামপাড়া পুলিশ লাইন এলাকায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সকাল সাড়ে ১০টায় নগরীর ২ নম্বর ষোলশহর বিপ্লব উদ্যানে বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি, সদস্য সচিব মো. নাজিমুর রহমান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে ইপিজেড এলাকার দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুনিরুল আনোয়ারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে দেওয়াল পত্রিকা “মুক্তি”র উন্মোচন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
এছাড়া বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনের চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অন্যদিকে, বন্দর-ইপিজেড ও পতেঙ্গা এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর নৌ পরিবার চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ডেন্টাল চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম চালু করা হয়। এর উদ্বোধন করেন নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটির এরিয়া কমান্ডার।
দিনব্যাপী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে।
নিজস্ব প্রতিবেদক 





















