সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৩৪:৩৮

কারপাস ইস্যু জটিলতায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৪১
শেয়ার: mail
কারপাস ইস্যু জটিলতায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কারপাস (গেটপাস) ইস্যু নিয়ে জটিলতার কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। শনিবার (২৫ জুলাই) সকাল থেকে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা কারপাস ইস্যু বন্ধ রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, এতদিন সিঅ্যান্ডএফ কর্মীরা ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক কারপাসের মাধ্যমে গ্রহণ করলেও কোনো অবৈধ মালামালের দায়ভার নিতেন না। তবে সম্প্রতি কাস্টমস কর্তৃপক্ষ নতুন নির্দেশনা দিয়ে জানিয়েছে, সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মীদের দায়দায়িত্ব নিয়েই ট্রাক গ্রহণ করতে হবে। পাশাপাশি ট্রাকে অবৈধ পণ্য পাওয়া গেলে তার দায়ও বহন করতে হবে।

তিনি বলেন, এ ধরনের দায়ভার নেওয়া সম্ভব নয়। তাই দায়মুক্তির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে কারপাস ইস্যু বন্ধ রাখা হয়েছে। এর ফলে আমদানি কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।

বেনাপোল আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, ভারতীয় রপ্তানিকারকরাই জানেন ট্রাকে কী ধরনের পণ্য রয়েছে। পথে কোনো অবৈধ মালামাল যুক্ত হলে তার দায় বাংলাদেশের সিঅ্যান্ডএফ এজেন্ট বা তাদের কর্মীদের ওপর চাপানো যৌক্তিক নয়। কাস্টমসের এ সিদ্ধান্তের কারণেই আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামিম হোসেন জানান, কারপাস-সংক্রান্ত জটিলতার কারণে শনিবার থেকে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি এবং বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward