ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে পৃথক দুটি হামলায় ইসরায়েলি দখলদাররা দুটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে।
রোববারের হামলাগুলোর মধ্যে একটি ছিল তুলকারেমের দক্ষিণে অবস্থিত কুর গ্রামের একটি মসজিদে এবং অন্যটি নাবলুসের দক্ষিণে কুসরা শহরের নির্মাণাধীন আল-রাহমা মসজিদে।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, কুর গ্রামে হামলা চালিয়ে একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ভবনটি ও এর অভ্যন্তরের অংশ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হামলাকারীরা এলাকা ছাড়ার আগে মসজিদের দেয়ালে স্প্রে-পেইন্ট দিয়ে বর্ণবাদী গ্রাফিতি আঁকে। পরে স্থানীয় বাসিন্দারা আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ওয়াফা জানিয়েছে, কুসরার নির্মাণাধীন আল-রাহমা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর কুর গ্রামের মসজিদে এ হামলা চালানো হয়।
কুসরার মেয়র আবদেল আজিম ওয়াদি বলেন, এ হামলায় নির্মাণকাজে ব্যবহৃত কাঠের সরঞ্জাম ও অন্যান্য নির্মাণসামগ্রী পুড়ে গেছে।
ফিলিস্তিনি আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় কুর গ্রামের মসজিদে হামলাকে জঘন্য অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলি সেনাবাহিনীর সুরক্ষায় ইসরায়েলি দখলদাররা ২০২৫ সালে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ৪৫টি মসজিদে হামলা চালিয়েছে।
এদিকে নাবলুসের পূর্বে অবস্থিত বেইত ফুরিক শহরে দখলদাররা আল-দুব্বাত মহল্লায় হামলা চালিয়ে এক বাসিন্দার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র ওয়াফাকে জানিয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
হামলাকারীরা স্প্রে-পেইন্ট দিয়ে দেয়ালে আরবদের বিরুদ্ধে প্রতিশোধের আহ্বানসংবলিত গ্রাফিতিও লিখে যায়।
এর আগে শুক্রবার, সেনাবাহিনীর সহায়তায় ইসরায়েলি দখলদাররা নাবলুসের কাছে ফিলিস্তিনি শহর তেলে হামলা চালিয়ে চারজন ফিলিস্তিনিকে হত্যা করে। ফিলিস্তিনি ও ইসরায়েলি সূত্রের তথ্য অনুযায়ী, ওই সংঘর্ষে গোলাগুলিতে দুই ইসরায়েলিও নিহত হন।
এই সহিংসতার পর ইসরায়েলি বাহিনী নাবলুস ও আশপাশের শহরগুলো অবরোধ করে, ব্যাপক ধরপাকড় অভিযান চালায় এবং পশ্চিম তীরজুড়ে বৃহৎ পরিসরের সামরিক অভিযানের প্রস্তুতির ঘোষণা দেয়।
ফিলিস্তিনি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ও দখলদারদের হামলায় পশ্চিম তীরে অন্তত ১ হাজার ১৮২ জন ফিলিস্তিনি নিহত, হাজার হাজার মানুষ আহত এবং প্রায় ২৪ হাজার জন আটক হয়েছেন।
ফিলিস্তিনি উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশন ৬ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের প্রথমার্ধে ইসরায়েলি দখলদাররা ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ৩ হাজার ৪৮৮টি হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে গ্রামে হামলা, বাড়িতে অগ্নিসংযোগ, গোলাগুলি, জমি দখল এবং বসতি স্থাপনের ঘটনা রয়েছে। এতে ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পশ্চিম তীরে ক্রমবর্ধমান এসব হামলা অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার ইসরায়েলের প্রচেষ্টার অংশ, যা জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবে উল্লিখিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষুণ্ন করছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
kalprakash.com/IM