রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক বিল্ডিং-২ গত পাঁচ দিন ধরে বিদ্যুৎহীন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকায় শ্রেণিকক্ষগুলোতে পর্যাপ্ত আলো ও ফ্যানের ব্যবস্থা বন্ধ রয়েছে। পাশাপাশি ওয়াশরুমে পানির সংকটও দেখা দিয়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানা গেছে, গত ১৫ জুলাই ভবনটির বৈদ্যুতিক সার্কিট সংযোগের কাজ চলাকালে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পাঁচ দিন পরও আজ ১৯ জুলাই (রোববার) পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
একাডেমিক বিল্ডিং-২-এ নিয়মিত ক্লাস করা গণিত বিভাগের শিক্ষার্থী লিমন ইসলাম বলেন, গত ১৫ তারিখ থেকে কারেন্ট না থাকায় আমরা প্রচণ্ড অসুবিধার মধ্যে আছি। ক্লাসরুমগুলোতে পর্যাপ্ত আলো নেই। তীব্র গরমে ফ্যানও চলছে না। গরম ও অন্ধকারের কারণে ক্লাসে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। অত্যন্ত অস্বস্তিকর পরিবেশে আমাদের ক্লাস করতে হচ্ছে।
আরেক নারী শিক্ষার্থী বলেন, শুধু লাইট-ফ্যান বন্ধ নয়, বিদ্যুৎ না থাকায় ভবনের ওয়াশরুমেও পানির ব্যবস্থা নেই। একটি বিশ্ববিদ্যালয়ে সামান্য শর্ট সার্কিটের সমস্যা সমাধানে পাঁচ দিন লেগে যাওয়া দুঃখজনক। দ্রুত সমস্যার সমাধান করা উচিত।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। গরম ও অস্বস্তিকর পরিবেশে ক্লাস চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (তড়িৎ) আলতাফ হোসেন সরকার বলেন, ১৫ জুলাই শর্ট সার্কিটের কারণে একাডেমিক বিল্ডিং-২ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১৬ জুলাই জুলাই শহীদ দিবস থাকায় সেদিন কাজ করা হয়নি। এরপর দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় কাজ শুরু করা হয়নি। আজ থেকে বিদ্যুৎ মেরামতের কাজ শুরু করেছি। আশা করছি, আগামীকালের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফোরদৌস রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
kalprakash.com/IM