শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৩:১৩

পাবিপ্রবিতে নগরায়ণ ও ট্রান্সপোর্ট মডেলিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:৫৪
শেয়ার: mail
পাবিপ্রবিতে নগরায়ণ ও ট্রান্সপোর্ট মডেলিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের উদ্যোগে এবং ইউআরপি অ্যাসোসিয়েশন অব পাস্টের আয়োজনে Urbanization Trends in Bangladesh and Necessity of Reshaping & Transport Modelling in Bangladesh শীর্ষক জ্ঞানবিনিময়মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টায় অনুষ্ঠিত এ সেমিনারে বিভাগের শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সরাসরি ও অনলাইন মাধ্যমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশের নগরায়ণের বর্তমান ধারা, পরিকল্পনা ব্যবস্থার চ্যালেঞ্জ, আইনগত কাঠামো, টেকসই নগর উন্নয়ন এবং আধুনিক পরিবহন পরিকল্পনা ও ট্রান্সপোর্ট মডেলিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারের প্রথম সেশন শুরু হয় দুপুর ২টায়। এতে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ও পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ। তিনি বাংলাদেশের বর্তমান পরিকল্পনা ব্যবস্থায় বিদ্যমান বিভিন্ন আইনগত অসংগতি ও নীতিগত সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পরিকল্পনা ব্যবস্থা, তাদের সফলতা ও অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের পরিকল্পনা কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন। ভবিষ্যতে বাংলাদেশের পরিকল্পনা ব্যবস্থাকে আরও কার্যকর, সমন্বিত ও জনমুখী করতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।

দ্বিতীয় সেশন শুরু হয় বিকেল সাড়ে ৩টায়। এ পর্বে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন পরিবহন পরিকল্পনা বিশেষজ্ঞ সৈয়দ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে কার্যকর পরিবহন পরিকল্পনা, ট্রাফিক ব্যবস্থাপনা, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং ট্রান্সপোর্ট মডেলিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দ্রুত নগরায়ণের ফলে সৃষ্ট পরিবহন সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা, উন্নত তথ্যব্যবস্থা এবং বৈজ্ঞানিক মডেলিং পদ্ধতির ব্যবহার অত্যন্ত প্রয়োজন।

আলোচকরা আরও বলেন, টেকসই নগর গঠন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং নাগরিকবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণামনস্কতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুজ্জামান প্রামানিক। সেমিনার সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে নগরায়ণ ও ট্রান্সপোর্ট মডেলিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে