বাগেরহাটের রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদ আর নেই। হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট জেলা পুলিশ সুপার জামিরুল ইসলাম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর রাজীব আল রশিদকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাইনসে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর খুলনার আইচগাতিতে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
শেখ রাজীব আল রশিদ মৃত্যুকালে স্ত্রী, ১০ বছর বয়সী ছেলে ও ৬ বছর বয়সী মেয়েকে রেখে গেছেন।
kalprakash.com/IM