শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৫৪:০৭

রাস্তা নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন পিআইও

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:২৫
শেয়ার: mail
রাস্তা নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন পিআইও

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাস্তা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হামিদ আলী পাড়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ‘গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) নির্মাণ (২য় ও ৩য় পর্যায়)’ প্রকল্পের অধীনে ১ হাজার মিটার রাস্তা নির্মাণকাজ শুরু হয়। তবে বালু ব্যবহার না করেই রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (১৭ জুন) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি নির্মাণকাজ বন্ধ করে দেন এবং রাস্তায় ব্যবহৃত সব ইট তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কাজের শুরু থেকেই বালু ছাড়া রাস্তা নির্মাণ করা হচ্ছিল। বিষয়টি নিয়ে তারা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। পরে পিআইও ঘটনাস্থল পরিদর্শন করে কাজ পুনরায় করার নির্দেশ দেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা রাস্তার কাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করার দাবি জানান।

নির্ঝর এন্টারপ্রাইজের প্রতিনিধি মতিউর রহমান বলেন, “নিয়ম অনুযায়ী কাজ চলছিল। তবে ভারী বৃষ্টির কারণে পাহাড়ের মাটি রাস্তায় নেমে এসে কাদার সৃষ্টি হয়েছে। এ কারণে পিআইও কাজ বন্ধ করে পুনরায় নির্মাণের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী রাস্তার ইট তুলে নতুন করে কাজ করা হচ্ছে।”

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে ২০২৫-২৬ অর্থবছরে ‘গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) নির্মাণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় ১ হাজার মিটার রাস্তা নির্মাণের বরাদ্দ দেওয়া হয়।

তিনি বলেন, “নির্মাণকাজ শুরুর আগে সংশ্লিষ্ট অফিসকে অবহিত করা হয়নি। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, এইচবিবি নির্মাণকাজে বালু ব্যবহার করা হয়নি। ফলে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাক্কলন অনুযায়ী পুনরায় কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট ঠিকাদারের লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

রাস্তা নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন পিআইও

বিস্তারিত কমেন্টে