ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি দিয়ে দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি জুন মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে এই নতুন দর ঘোষণা করে বিইআরসি, যা সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত ছিল। এপ্রিল মাসে দুই দফায় দাম বৃদ্ধি পেয়ে সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে ধাপে ধাপে ১ হাজার ৯৪০ টাকায় পৌঁছায়। সেই তুলনায় জুনে কিছুটা কমায় ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমানো হয়েছে। জুন মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে সর্বশেষ সমন্বয়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা ছিল।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়।.
kalprakash.com/SS
বাণিজ্য ডেস্ক 



















