পাকিস্তানের পেস আক্রমণের সাম্প্রতিক গতি ও ধার নিয়ে যখন সমালোচনা চলছে, ঠিক তখনই হালকা রসিকতায় চাপ সামলালেন তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ শুরুর আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজন হলে তিনি ২০০ কিলোমিটার গতিতেও বল করার চেষ্টা করবেন।
সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের ২-০ ব্যবধানে হারের পর পেসারদের পারফরম্যান্স ও গড় গতি কমে যাওয়া নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই দাবি করেন, পাকিস্তানি ফাস্ট বোলারদের গতি নেমে এসেছে ১৩০ কিলোমিটারের ঘরে, যা নিয়ে ক্রিকেট মহলে আলোচনার ঝড় ওঠে।
তবে এই সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহীন আফ্রিদি। তিনি জানান, পেস বোলারদের পারফরম্যান্সে গতি কমে যাওয়ার পেছনে রয়েছে অতিরিক্ত ম্যাচ খেলার চাপ ও পর্যাপ্ত বিশ্রামের অভাব।
তার ভাষায়, ফাস্ট বোলিং একটি মেশিনের মতো। দীর্ঘ সময় একটানা চললে যেমন রক্ষণাবেক্ষণ দরকার হয়, তেমনি খেলোয়াড়দেরও বিশ্রাম ও পুনরুদ্ধার প্রয়োজন। একজন খেলোয়াড় যখন সম্পূর্ণ সতেজ থাকে, তখনই সে তার সর্বোচ্চ গতি ও শক্তি দিতে পারে।
তিনি আরও বলেন, পাকিস্তানের পেসাররা দেশের জন্য সবসময় নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত এবং গতি ও ফর্ম ফিরিয়ে আনতে কোচ ও ম্যানেজমেন্টের সঙ্গে কাজ চলছে।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে নিজের বোলিং গতি নিয়ে প্রশ্নের জবাবে হেসে শাহীন বলেন, আপনি যদি আমার ব্যক্তিগত গতির কথা জানতে চান, তাহলে আপনার সন্তুষ্টির জন্য আমি ২০০ কিলোমিটার গতিতে বল করার চেষ্টা করব।
স্পোর্টস ডেস্ক 





















