আগামী মঙ্গলবার (২৭ মে) অর্থাৎ ৯ জিলহজ ১৪৪৭ হিজরি পবিত্র আরাফাতের দিনে মক্কার কাবা শরিফকে ঘিরে ঘটতে যাচ্ছে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। ওই দিন দুপুরে সূর্য সরাসরি কাবা শরিফের ঠিক ওপর অবস্থান করবে, ফলে কাবাসহ আশপাশের কোনো বস্তুর ছায়া দেখা যাবে না।
জ্যোতির্বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী, এমন সমাপতন প্রায় ৩৩ বছর পরপর ঘটে। সর্বশেষ ১৯৯৩ সালে আরাফাতের দিনের সঙ্গে কাবার ওপর সূর্যের সরাসরি অবস্থানের এই বিরল মিলন ঘটেছিল।
বিশেষজ্ঞরা জানান, মক্কা কর্কটক্রান্তি রেখার কাছাকাছি অবস্থিত হওয়ায় বছরে সাধারণত দুইবার সূর্য কাবার ওপর খাড়াভাবে অবস্থান করে। তবে এবারের ঘটনাটি ব্যতিক্রম, কারণ এটি পবিত্র আরাফাতের দিনের সঙ্গে মিলে গেছে।
জানা গেছে, হিজরি চন্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপঞ্জির সময়গত পার্থক্যের কারণে এমন বিরল পুনঃমিলন ঘটে থাকে। এই চক্র সম্পূর্ণ হতে প্রায় ৩৩ বছর সময় লাগে।
এদিকে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এটি একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং এর সঙ্গে অতিরিক্ত গরম বা তাপমাত্রা বৃদ্ধির কোনো সরাসরি সম্পর্ক নেই।
আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল-কাহতানি বলেন, কোনো অঞ্চলের আবহাওয়া শুধু সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে না; বরং আর্দ্রতা, মেঘ ও বাতাসের গতির মতো বিভিন্ন উপাদানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সৌদি সংবাদমাধ্যম ‘আজেল’ ও গালফ নিউজের তথ্য অনুযায়ী, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে রেকর্ড তাপমাত্রার যে আলোচনা চলছে, তার বৈজ্ঞানিক ভিত্তি নেই।
আন্তর্জাতিক ডেস্ক 




















