মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | দুপুর ১:২৭:৩২

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি বাতিল, রিপাবলিকানদের সিদ্ধান্তে বিতর্ক

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১২:৪২
শেয়ার: mail
ইরান যুদ্ধ নিয়ে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি বাতিল, রিপাবলিকানদের সিদ্ধান্তে বিতর্ক

সংগৃহীত ছবি

ইরান যুদ্ধ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটি শেষ মুহূর্তে বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। ভোটে পরাজয়ের আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করছে বিরোধী শিবির।

ডেমোক্র্যাটদের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে একটি প্রস্তাব আনা হয়। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিকস ওই প্রস্তাবটি উত্থাপন করেন, যেখানে ইরান যুদ্ধের বিষয়ে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ন্ত্রণের পাশাপাশি সমালোচনামূলক বক্তব্যও ছিল।

ভোটের সময় রিপাবলিকান সদস্যদের বড় একটি অংশ অনুপস্থিত থাকায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পরে রিপাবলিকান নেতৃত্ব ভোটাভুটি স্থগিত করে, যা ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়ে।

ডেমোক্র্যাট নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস ট্রাম্প প্রশাসনের সহযোগী প্রতিষ্ঠানের মতো আচরণ করছে এবং যুদ্ধক্ষমতা সীমিত করার একটি দ্বিদলীয় সুযোগ ইচ্ছাকৃতভাবে বাতিল করা হয়েছে।

হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন, বিষয়টি নিয়ে আগামী জুনে পুনরায় ভোট হতে পারে।

১৯৭৩ সালের যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া শুরু হওয়া সামরিক অভিযান নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং পরবর্তী পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়।

এদিকে ইরান পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ আরও বাড়ছে। ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান পার্টির কিছু সদস্যও নতুন করে সামরিক অভিযান শুরুর বিরোধিতা করছেন। তবে ট্রাম্প প্রশাসন এখনো এ বিষয়ে কংগ্রেসের পূর্ণ অনুমোদন নেয়নি বলে জানা গেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward