কয়েক দফা পিছিয়ে অবশেষে ঈদে মুক্তির ঘোষণা এসেছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’-এর। তবে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে অর্থনৈতিক ও প্রযোজনা সংক্রান্ত জটিলতা, যা এখন আদালত পর্যন্ত গড়িয়েছে।
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমার সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন তরুণ মজুমদার। দীর্ঘদিন ধরে সিনেমাটি মুক্তির অপেক্ষায় থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। সম্প্রতি ঈদে মুক্তির ঘোষণা দেওয়ার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সহ-প্রযোজক তরুণ মজুমদারের অভিযোগ, সিনেমার নির্মাণে তিনি ধাপে ধাপে মোট ৬১ লাখ টাকা বিনিয়োগ করেছেন। তার দাবি, মুক্তির সময় তাকে প্রযোজনা প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেন্সর বোর্ডে জমা দেওয়ার সময়ও তার নাম উল্লেখ করা হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, সিনেমার কাজ শুরুর সময় সবকিছু ঠিক থাকলেও পরে নির্মাতা উজ্জ্বল তার সঙ্গে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে টাকা ফেরত চাইলেও তা দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন ছবিটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, এটি ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে শুরু হওয়া একটি প্রকল্প। সিনেমা প্রায় শেষ হওয়ার পর সুদসহ টাকা ফেরত দাবি করা হলেও তা সম্ভব ছিল না। তার মতে, সরকারি অনুদানের সিনেমায় অনুদানপ্রাপ্ত ব্যক্তির নামই প্রযোজক হিসেবে থাকে এবং মুক্তির আগে এ ধরনের অভিযোগ দুঃখজনক।
উল্লেখ্য, কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার চরিত্র অবলম্বনে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল ও প্রিয়ন্তী উর্বী।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 

























