বিশ্বজুড়ে জনপ্রিয় চরিত্র ‘জেমস বন্ড’—আর সেই বিখ্যাত সংলাপ “বন্ড, জেমস বন্ড”—এর নতুন রূপ কে আনবেন, তা নিয়ে দর্শকদের কৌতূহল এখন চরমে। বহুদিনের অপেক্ষার পর অবশেষে নতুন বন্ড সিনেমার কাস্টিং প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
শনিবার (১৬ মে) সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার আমাজন এমজিএম স্টুডিওস একটি বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে যে, জনপ্রিয় জেমস বন্ড ফিল্ম সিরিজের পরবর্তী কিস্তির জন্য অডিশন শুরু হয়েছে। পাশাপাশি নতুন প্রধান চরিত্র ০০৭ খুঁজে বের করার কাজও চলছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, অডিশন চলাকালে কোনো তথ্য প্রকাশ করা হবে না। তবে উপযুক্ত সময়ে নতুন জেমস বন্ডকে ভক্তদের সামনে উপস্থাপন করা হবে।
নতুন ০০৭ চরিত্রে কারা আসতে পারেন—তা নিয়েও ইতোমধ্যে জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন ইদ্রিস এলবা, হেনরি ক্যাভিল, কিলিয়ান মারফি, ক্যালাম টার্নার, অ্যারন টেলর-জনসন, হ্যারিস ডিকিনসন এবং জ্যাকব এলর্ডির মতো জনপ্রিয় অভিনেতারা।
১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমার মাধ্যমে প্রথমবার জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন শন কনারি। এরপর একে একে জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান এবং সর্বশেষ ড্যানিয়েল ক্রেগ এই চরিত্রে অভিনয় করেন। ড্যানিয়েল ক্রেগের শেষ বন্ড সিনেমা ‘নো টাইম টু ডাই’ মুক্তি পায় ২০২১ সালে।
নতুন সিনেমার নাম ও প্রধান অভিনেতার নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, নতুন জেমস বন্ড সিনেমাটি পরিচালনা করবেন অস্কার মনোনীত নির্মাতা ডেনিস ভিলেনিউভ। তিনি ‘ডিউন’, ‘ব্লেড রানার ২০৪৯’ এবং ‘অ্যারাইভাল’-এর মতো চলচ্চিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
এছাড়া চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট, যিনি জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা। ফলে নতুন জেমস বন্ড নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 






















