নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেট (আইএস)-এর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, তার নির্দেশে মার্কিন বাহিনী ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁত ও সুপরিকল্পিত একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানের লক্ষ্য ছিল আন্তর্জাতিক পর্যায়ের এক শীর্ষ সন্ত্রাসীকে নির্মূল করা।
তিনি দাবি করেন, নিহত ব্যক্তি হলেন “আবু-বিলাল আল-মিনুকি”, যিনি আইএসআইএসের বৈশ্বিক ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ট্রাম্প আরও বলেন, মিনুকি আফ্রিকায় সহিংসতা ছড়ানো এবং যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন। তার মৃত্যুতে আইএসের কার্যক্রমে বড় ধাক্কা লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগেও নাইজেরিয়ায় আইএসবিরোধী অভিযান নিয়ে কড়া অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। গত ডিসেম্বরে তিনি উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় একটি “শক্তিশালী ও প্রাণঘাতী হামলার” নির্দেশ দেওয়ার কথা জানিয়েছিলেন এবং তখন খ্রিষ্টানদের ওপর হামলার অভিযোগও তুলেছিলেন।
kalprakash.com/SS
শনিবার, ১৬ মে ২০২৬
নাইজেরিয়ায় আইএসের শীর্ষ কমান্ডার নিহত, দাবি ট্রাম্পের