যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সড়কটির নামফলক উন্মোচন করে শিকাগো সিটি কর্তৃপক্ষ।
সড়কটির নাম রাখা হয়েছে ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way)। এটি শিকাগোর অন্যতম বিখ্যাত স্থাপনা উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। বিশ্বখ্যাত বাংলাদেশি স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত এই ভবনটির আগের নাম ছিল সিয়ার্স টাওয়ার।
বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তাঁর ফেসবুক পোস্টে সড়কটির নামফলক উন্মোচনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ অক্টোবর শিকাগো সিটি কাউন্সিল নামকরণের প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন দেয়।
রাষ্ট্রদূত জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটির পক্ষে সর্বসম্মত সুপারিশ করে।
নামকরণ উদ্যোগের সঙ্গে যুক্ত শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের অভিনন্দন জানিয়ে মুশফিকুল ফজল আনসারী বলেন, শাহ্ মোজাম্মেল নান্টুসহ যারা এই ঐতিহাসিক নামকরণের আবেদন করেছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এ উদ্যোগের সামান্য একজন অংশীদার হতে পেরে তারা গর্বিত।
সংশ্লিষ্টদের মতে, শিকাগোর গুরুত্বপূর্ণ পর্যটনস্থল উইলিস টাওয়ারের পাশে সড়কটির অবস্থান হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের কাছে বেগম খালেদা জিয়ার নাম ও রাজনৈতিক অবদান তুলে ধরার সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে শিকাগো শহরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেও একটি সড়কের নামকরণ করা হয়েছিল।