চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে শহরতলির জাফরপুর বাজারে অবস্থিত ব্যাংকটির পদ্মবিলা শাখায় এ ঘটনা ঘটে। এতে আগুনের সূত্রপাত হলেও দ্রুত নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে মোটরসাইকেলে করে মুখোশধারী কয়েকজন এসে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে একের পর এক চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এর মধ্যে একটি বোমা ভবনের ছাদে, দুটি সিঁড়ির পাশে এবং অপরটি সিসিটিভি ক্যামেরার সামনের স্থানে পড়ে।
পেট্রোল বোমার আগুন দেখতে পেয়ে ব্যাংকের দায়িত্বে থাকা নিরাপত্তাপ্রহরী স্থানীয়দের ডাকেন। পরে প্রহরী ও বাজারের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানান, গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকাসহ জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।