জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সংবাদ সংগ্রহ করতে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির (তেকসাস) জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদ। আন্তর্জাতিক এই সম্মেলনের গুরুত্বপূর্ণ আয়োজন, আলোচনা ও সিদ্ধান্তগুলো সংবাদমাধ্যমে তুলে ধরার প্রত্যাশা নিয়ে তিনি তুরস্কে অবস্থান করছেন।
তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া এবারের কপ-৩১ সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনের বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ আন্তর্জাতিক পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
এবারের সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি, জনস্বাস্থ্য, নবায়নযোগ্য জ্বালানির বিস্তার এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবও আলোচনায় উঠে আসছে।
এদিকে, কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি। আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে অনুষ্ঠিত বৈঠকটি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা মানবিক সংকট আন্তর্জাতিক পরিসরে গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়েও আলোচনা করেন দুই দেশের নেতারা। প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সম্মেলনে বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত ও অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে ন্যায্য দায়বদ্ধতা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহযোগিতার দাবি তুলে ধরছে বাংলাদেশ।
আন্তর্জাতিক এই সম্মেলন কাভার করতে তুরস্কের উদ্দেশে যাত্রা প্রসঙ্গে রাজু আহমেদ জানিয়েছেন, কপ-৩১-এর গুরুত্বপূর্ণ আয়োজন ও কার্যক্রম সংবাদমাধ্যমে তুলে ধরার প্রত্যাশা নিয়ে তাঁর এই যাত্রা। সম্মেলনের বিভিন্ন অধিবেশন, বিশ্বনেতাদের বক্তব্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত উদ্যোগ ও সিদ্ধান্তগুলো পাঠকের সামনে তুলে ধরতে চান তিনি।
উল্লেখ্য, রাজু আহমেদ তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির (তেকসাস) জ্যেষ্ঠ উপদেষ্টা। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রাজু আহমেদ একজন জ্যেষ্ঠ সাংবাদিক।