চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ৩২০টি সমবায় সমিতির মধ্যে টানা তিন অর্থবছর (২০২৪, ২০২৫ ও ২০২৬) প্রথম স্থান অর্জন করেছে রাঙ্গুনিয়া সিএনজি ফোরস্টোক চালক সমবায় সমিতি লিমিটেড।
এ অর্জনে আনন্দিত হয়ে সমিতির সাধারণ সদস্য ও চালকরা বর্তমান ব্যবস্থাপনা কমিটির আট সদস্যকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা জানিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রানীরহাটে সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সভাপতি মুহাম্মদ হাছান, সহসভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খোকন, সহসাধারণ সম্পাদক জিয়াউল হক, অর্থ সম্পাদক দিদারুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ লোকমান এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আব্দুর রহমান ও মুহাম্মদ আব্বাস উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সমিতির সদস্য ও চালকরা।
অনুভূতি প্রকাশ করে সমিতির সভাপতি মুহাম্মদ হাছান বলেন, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে চালক ভাইয়েরা যেভাবে ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক প্রদান করেছেন, তাতে তাঁরা অত্যন্ত আনন্দিত ও অভিভূত। এ জন্য সমিতির সব সাধারণ সদস্য ও চালকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি আরও বলেন, সমিতির দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউছুপ চৌধুরীসহ উপদেষ্টামণ্ডলীর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। বিগত ১৭ বছরে আগের দায়িত্বপ্রাপ্তদের সময়ে এ ধরনের সাফল্য দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
টানা তিন অর্থবছর উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের আনন্দ ও সাফল্যে অনুপ্রাণিত হয়ে সমিতির চালক ও সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এ সংবর্ধনার আয়োজন করেন।