নাটোরের বাগাতিপাড়ায় ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে র্যালি শুরু হয়ে পেড়াবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামাল। এ ছাড়া বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন কর্মসূচিতে অংশ নেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়। দুর্যোগের সময় নিরাপদে পরিস্থিতি মোকাবিলা, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি সম্মিলিত উদ্যোগ ও যথাযথ প্রস্তুতির মাধ্যমে দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
kalprakash.com/IM