ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ক্ষেত্রে ‘অনিবার্য পরিচালনগত কারণে’র কথা উল্লেখ করেছে সরকারি বিমান সংস্থাটি।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিমান জানিয়েছে, রিয়াদে তাদের নির্ধারিত ফ্লাইট বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই ফ্লাইটগুলোর যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিমানের পক্ষ থেকে জানানো হয়, কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে। ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল, ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এই অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ও ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের যে গভীর অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
সংস্থাটি আরও জানায়, ভুক্তভোগী যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে (সেলস অফিস) যেতে পারেন। পরবর্তী তথ্য পাওয়া মাত্রই তা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমগুলোতে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।
kalprakash.com/IM