নোয়াখালীর সেনবাগ উপজেলায় ধানখেতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ খাজা মাইনুদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ঘোরকাটা গ্রামে একটি ধানখেতের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত শেখ খাজা মাইনুদ্দিন দক্ষিণ ঘোরকাটা গ্রামের মৃত শেখ শফিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পশ্চিম পাশের জমি থেকে গরুর জন্য ঘাস আনতে যান মাইনুদ্দিন। এ সময় পাশের গ্রামের জমির মালিক জাকির হোসেন (৩০) ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। ঘাস কেটে বাড়ি ফেরার পথে ওই বৈদ্যুতিক সংযোগে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মাইনুদ্দিন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
শুক্রবার সকালে মাইনুদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জমির মালিক জাকির আত্মগোপনে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির পলাতক রয়েছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।