রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্যাম্পাসের পরিবেশ সহিংসতামুক্ত রাখার দাবি জানান।
মানববন্ধনে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ছাত্রদল ন্যাক্কারজনক হামলা চালিয়ে শিক্ষার্থীদের কক্ষ ভাঙচুর করেছে। জুলাই-পরবর্তী রাবিতে এটি পেশিশক্তির রাজনীতির পুনর্জন্ম নির্দেশ করে। ছাত্রলীগের মতোই তারা আজ ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী, হল ও সাংবাদিকদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।
প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে শিক্ষার্থীরা আবার রাজপথে নেমে আসবে। প্রশাসনকে দ্রুত শিক্ষার্থীদের সব দাবি মেনে নিতে হবে।
রাকসুর এজিএস সালমান সাব্বির বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের মদদেই ছাত্রদলের সন্ত্রাসীরা সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর দুঃসাহস পেয়েছে। ঘটনার সময় বারবার ফোন করা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। চার ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন নিষ্ক্রিয় ছিল। এখন তদন্তের অজুহাতে বিচার প্রক্রিয়া ঝুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।
প্রশাসনের পদত্যাগ দাবি করে তিনি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে অবিলম্বে চেয়ার ছেড়ে দিন। এ ছাড়া সাংবাদিকদের উত্থাপিত সব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।
kalprakash.com/IM