জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ ১৯৪টি দেশের মধ্যে তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই অঙ্কের র্যাঙ্কিংয়ে প্রবেশ করেছে দেশটি।
২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। চলতি বছর দেশটি সর্বকালের সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করেছে। তবে ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতেই রয়েছে বাংলাদেশ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, সূচকের দুটি উপাদানেও সর্বোচ্চ স্কোর অর্জন করেছে বাংলাদেশ। অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) স্কোর ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) ০.৬৯।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলি বিভাগ (ইউএন ডেসা) প্রকাশিত দ্বিবার্ষিক প্রতিবেদন ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’তে এসব তথ্য উঠে এসেছে। এ সূচকে ডিজিটাল সরকার ব্যবস্থায় বিশ্বের শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া।
ইজিডিআইয়ের মাধ্যমে নাগরিক সেবা প্রদানে ই-গভর্নমেন্ট ব্যবহারে একটি দেশের সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি ও অগ্রগতি পরিমাপ করা হয়। অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিযোগাযোগ অবকাঠামো সূচক এবং মানবসম্পদ সূচকের সমন্বয়ে এ স্কোর নির্ধারণ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে গড় ইজিডিআই স্কোর ২০২৪ সালের ০.৬৩৮২ থেকে বেড়ে ২০২৬ সালে ০.৬৬৭৫ হয়েছে, যা ৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি। বাংলাদেশের স্কোর ০.৬৮৯৩, যা বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।
এ ছাড়া মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে ১৫১টি দেশ এখন উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণিতে রয়েছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১৩৮টি।