বেসামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস পর এবার সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন ও ভাতা নির্ধারণ করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর তিন বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। অন্যদিকে, একজন সৈনিকের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা।
‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য পৃথক বেতন ও ভাতা নির্দেশাবলি জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ১৫ নভেম্বর জারি করা ৮৪ পৃষ্ঠার এই নির্দেশনায় বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নতুন বেতন ও ভাতার হার নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বেসামরিক সরকারি চাকরিজীবীদের মতো সামরিক বাহিনীর সদস্যদের নতুন মূল বেতনও ধাপে ধাপে কার্যকর হবে। এ বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে।
নতুন বেতন বাস্তবায়নে প্রথম ছয় মাসে বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত সদস্যরা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং সার্জেন্ট থেকে নিচের পদমর্যাদার সদস্য ও ক্যাডেটরা ৫০ শতাংশ পাবেন।
পরবর্তী ছয় মাসে বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত আরও ৩০ শতাংশ এবং সার্জেন্ট থেকে নিচের পদমর্যাদার সদস্য ও ক্যাডেটরা আরও ২৫ শতাংশ পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই পূর্ণাঙ্গ নতুন মূল বেতন পাবেন।
তবে নতুন হারে ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে প্রচলিত হারেই ভাতা দেওয়া হবে।
পদমর্যাদা অনুযায়ী নতুন মূল বেতন
নতুন নির্দেশনায় বাহিনীপ্রধান থেকে শুরু করে কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), সৈনিক, রিক্রুট ও ক্যাডেটদের জন্য পৃথক বেতনসীমা নির্ধারণ করা হয়েছে। নৌ ও বিমানবাহিনীর সমমর্যাদার সদস্যদের ক্ষেত্রেও একই কাঠামো প্রযোজ্য হবে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, তিন বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল ও এয়ার মার্শাল পদমর্যাদার কর্মকর্তারা পাবেন ১ লাখ ৬৪ হাজার টাকা।
মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল পদে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। ব্রিগেডিয়ার জেনারেল ১৭তম বছরে পাবেন ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা। একইভাবে কর্নেল ১ লাখ ২৫ হাজার ৩০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেল ১ লাখ ২২ হাজার টাকা এবং মেজর ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা মূল বেতন পাবেন।
অন্যদিকে, প্রথম বছরে ক্যাপ্টেনের মূল বেতন ৫৮ হাজার টাকা, লেফটেন্যান্টের ৪৮ হাজার ৩০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্টের ৪৬ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একজন সৈনিকের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা।
এ ছাড়া সেনাবাহিনীর মেডিকেল, ডেন্টাল, প্রকৌশল, সিগন্যালস ও ইএমই কোরের কর্মকর্তাদের জন্যও পৃথক নির্দেশনা রাখা হয়েছে।
কমান্ড, স্টাফ ও যোগ্যতা ভাতা বাড়ছে
মূল বেতনের পাশাপাশি কমান্ড, স্টাফ, চার্জ ও শিক্ষকতা ভাতার হারও বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, বাহিনীপ্রধানরা মাসে ৩ হাজার ৭৫০ টাকা ভাতা পাবেন।
লেফটেন্যান্ট জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তাদের জন্য ২ হাজার ৮৬০ টাকা, মেজর জেনারেলের জন্য ২ হাজার ৪২১ টাকা, ব্রিগেডিয়ার জেনারেলের জন্য ২ হাজার ২০০ টাকা, কর্নেলের জন্য ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেলের জন্য ১ হাজার ৭৬৪ টাকা এবং মেজরের জন্য ১ হাজার ৩৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্যাপ্টেন ও এর নিচের পদমর্যাদার সদস্যরা পাবেন ৮৮০ টাকা।
এ ছাড়া যোগ্যতা ভাতা বাড়িয়ে মাসে ৫৫৪ থেকে ৮৮০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
উড্ডয়ন, বিশেষজ্ঞ ও ঝুঁকি ভাতা
নতুন কাঠামোতে উড্ডয়ন ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ও তার ওপরের পদমর্যাদার পাইলট ও ক্রু, নৌবাহিনীর কমান্ডার ও তার ওপরের কর্মকর্তা এবং বিমানবাহিনীর এয়ার কমোডর ও তার ওপরের কর্মকর্তারা মাসে ১২ হাজার টাকা উড্ডয়ন ভাতা পাবেন।
এর নিচের নির্দিষ্ট পদগুলোর জন্য এ ভাতা ১০ হাজার টাকা এবং বিমানবাহিনীর গ্রাউন্ড প্রশিক্ষকদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
চিকিৎসক কর্মকর্তাদের বিশেষজ্ঞ ভাতার ক্ষেত্রেও নতুন হার নির্ধারণ করা হয়েছে। মেজর জেনারেল ও তার ওপরের পদমর্যাদার কর্মকর্তারা মাসে ২ হাজার ৮৩০ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল ২ হাজার ২০০ টাকা, কর্নেল ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল ১ হাজার ৭৬৪ টাকা এবং মেজর ১ হাজার ৩৩০ টাকা পাবেন।
এ ছাড়া সাবমেরিন ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার ৫০০ টাকা করা হয়েছে। প্যারাসুট ও স্কুবা ডাইভিং ভাতা ৬৬৪ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা এবং স্নাইপার ভাতা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে। পাশাপাশি কিট ভাতা ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ১ হাজার ২০০ টাকা, ডিস্টার্ব্যান্স ভাতা ২ হাজার ২০০ টাকা এবং দৈনিক ঝুঁকি ভাতা ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন যুক্ত হলো চার ধরনের ভাতা
সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামোতে চার ধরনের ভাতা যুক্ত করা হয়েছে।
1. মোবাইল ভাতা: মেজর ও তার ওপরের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদমর্যাদার সদস্যরা ১৫০ টাকা পাবেন।
2. প্রতিবন্ধী সন্তানের ভাতা: প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে এ ভাতা দেওয়া হবে।
3. হাওর-দ্বীপ-চর ভাতা: দুর্গম এলাকায় কর্মরত সদস্যরা মূল বেতনের ২০ শতাংশ হারে এ ভাতা পাবেন। তবে সর্বোচ্চ ভাতার পরিমাণ হবে ৫ হাজার টাকা।
4. তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা: রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত সদস্যরা মাসে ২ হাজার টাকা করে এ ভাতা পাবেন।
নতুন এই বেতন ও ভাতা কাঠামোর মাধ্যমে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে।