২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির সময়সূচি ও প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা তিন দিনে অনুষ্ঠিত হবে। এ জন্য বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের পরীক্ষা আলাদা দিনে নেওয়া হবে।
পরীক্ষা শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে। মাউশির একটি সূত্র জানিয়েছে, আগামী ২৬ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
ফল প্রকাশের পর ২৭ ও ২৮ ডিসেম্বর প্রথম নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। এরপর অপেক্ষমাণ তালিকা থেকে ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
আবেদন শুরু ১ ডিসেম্বর
সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনকারীদের জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর সকাল ১১টায়।
তথ্য আপলোড ও ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ
ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে ২০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য নির্ধারিত সফটওয়্যারে আপলোড করতে হবে।
এ ছাড়া ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা নির্ধারণে প্রতিটি প্রতিষ্ঠানের সংলগ্ন সর্বোচ্চ তিনটি প্রশাসনিক বা পুলিশ থানাকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা হিসেবে বিবেচনা করা হবে।
ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য ও নির্দেশনা জানিয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।