যশোরের মণিরামপুর উপজেলার ৩নং ভোজগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রহমত আলীসহ ইউনিয়ন নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির ইউনিয়ন শাখা।
রোববার (৪ অক্টোবর) ভোজগাতী ইউনিয়ন জামায়াতের প্রচার বিভাগের পক্ষ থেকে দেওয়া এক প্রতিবাদ বিবৃতিতে এ অভিযোগ করা হয়। বিবৃতিতে দাবি করা হয়, নিয়মিত সাংগঠনিক ও দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে দোনার আটমাইল জামে মসজিদে নেতৃবৃন্দের সঙ্গে কর্মীদের মতবিনিময়ের সময় তোলা ছবি ব্যবহার করে একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
বিবৃতিতে বলা হয়, ওই সময় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রহমত আলী, সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক ও নির্বাচন বিভাগের পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান কর্মীদের সঙ্গে সাংগঠনিক ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা করছিলেন। এ সময় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জিএম আসাদুজ্জামান মুরাদ তাঁর কয়েকজন অনুসারীকে নিয়ে সেখানে উপস্থিত হন। পরে তাঁদের সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ওই ছবিকে কেন্দ্র করে ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ স্বতন্ত্র প্রার্থী জিএম আসাদুজ্জামান মুরাদের সঙ্গে একমত হয়েছেন এবং ‘যেই বিজয়ী হোক, ইনসাফ কায়েম করবেন’—এমন বক্তব্য দিয়েছেন বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। নেতৃবৃন্দের সঙ্গে ওই প্রার্থীর কোনো নির্বাচনী সমঝোতা হয়নি বলেও বিবৃতিতে স্পষ্ট করা হয়।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শামীম হোসেন। দলীয় প্রার্থী হিসেবে তিনিই একমাত্র মনোনীত প্রার্থী উল্লেখ করে এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।
প্রতিবাদ বিবৃতিতে ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ দাবি করেন, স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রমের মুহূর্তকে ব্যবহার করে ছবি ছড়িয়ে তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তাঁরা।
বিবৃতিতে ৩নং ভোজগাতী ইউনিয়ন জামায়াতের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে দলীয় মনোনীত প্রার্থী মো. শামীম হোসেনের পক্ষে সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন বলে দাবি করা হয়।
kalprakash.com/IM