মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নাম, লোগো ও দাপ্তরিক পরিচয় অননুমোদিতভাবে ব্যবহার করে পরিচালিত ফেসবুক পেজ এবং গ্রুপের বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এসব পেজ বা গ্রুপ বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার (৪ অক্টোবর) মাউশির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ মাউশির নাম, পরিচিতি ও লোগো বা প্রতীক ব্যবহার করে অননুমোদিত পেজ ও গ্রুপে দাপ্তরিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্য এবং অশালীন, মানহানিকর ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশ করছে। এতে শিক্ষক-কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং মাউশির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
মাউশি জানিয়েছে, ‘Directorate of Secondary and Higher Education-DSHE’ (https://www.facebook.com/dshe.moebd) ছাড়া তাদের আর কোনো অফিসিয়াল পেজ নেই। ৭ দিনের মধ্যে ভুয়া পেজ ও গ্রুপের সব কার্যক্রম বন্ধ না করলে কোনো অতিরিক্ত সতর্কীকরণ ছাড়াই প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
kalprakash.com/IM