বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৪ ও ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে।
আজ ৪ অক্টোবর দুপুর ১২টায় সিএমপির দামপাড়া পুলিশ লাইন্স শুটিং ক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সন্তানদের মধ্য থেকে মোট ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মাহিয়া আমিন মাহি ও মোহাম্মদ তামিম রেজা তাঁদের অনুভূতি ও অভিব্যক্তি ব্যক্ত করেন এবং বাংলাদেশ পুলিশের আইজিপি ও সিএমপির পুলিশ কমিশনারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের আরও যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু পড়াশোনায় ভালো ফলাফল অর্জন নয়, এর পাশাপাশি দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করতে হবে। ভবিষ্যতে নিজেদের অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এ ছাড়া তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ইতিবাচক ও গঠনমূলক বিষয় গ্রহণ এবং ক্ষতিকর ও নেতিবাচক বিষয় পরিহার করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, মেধাবী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM