৩ অক্টোবর ২০২৬ তারিখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দামপাড়া পুলিশ লাইন্স ইনডোরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী।
সিএমপির ইনডোরে আয়োজিত এ প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনালে দক্ষিণ জোনের চকবাজার থানা ও উত্তর জোনের পাঁচলাইশ মডেল থানা মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পাঁচলাইশ মডেল থানা জয়লাভ করে। অন্যদিকে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কোতোয়ালী থানা। তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, “কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করা। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এ ছাড়া সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চট্টগ্রাম মহানগরের কমিউনিটি পুলিশ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM