কেনান ইয়িলদিজকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহ একটুও কমেনি। জুভেন্টাসের এই তরুণ তুর্কিকে নিজেদের আক্রমণভাগের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দেখছে স্প্যানিশ ক্লাবটি। আগামী মৌসুমগুলোতে তাঁকে পেতে লড়াই করবে রিয়াল।
তবে ইয়িলদিজকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই জুভেন্টাসের। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি আছে তুরিনের ক্লাবটির। চলতি মৌসুমে হাড়ের চোটে মাঠের বাইরে থাকলেও ইউরোপের বড় ক্লাবগুলোর তাঁকে নিয়ে আগ্রহ কমেনি।
রিয়াল মাদ্রিদ আগামী গ্রীষ্মে আক্রমণভাগে পরিবর্তনের পরিকল্পনা করছে। ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, রদ্রিগোর ফেরার অপেক্ষা এবং এন্ড্রিককে বিদায় দেওয়ার সম্ভাবনার মধ্যে কিলিয়ান এমবাপেকে ছাড়াও আক্রমণভাগে আরেকটি বড় নাম রাখতে চায় তারা। সেই পরিকল্পনায় ইয়িলদিজকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।
রিয়ালের আগ্রহ অবশ্য নতুন নয়। গত কয়েক বছর ধরেই ইয়িলদিজকে নজরে রেখেছে ইউরোপের অন্যতম সফল ক্লাবটি। জুভেন্টাসও ইয়িলদিজকে ক্লাবের ভবিষ্যতের অন্যতম মুখ হিসেবে দেখছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করে ২০৩০ সাল পর্যন্ত রেখে দিয়েছে ক্লাবটি। জুভেন্টাসের হয়ে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে ২৫ গোল ও ১৯টি অ্যাসিস্ট করেছেন তিনি।
তবে জুভেন্টাসের আর্থিক পরিস্থিতি ভবিষ্যতে সমীকরণ বদলে দিতে পারে। গোলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বিনা ট্রান্সফার ফিতে ইয়িলদিজকে দলে নেওয়ায় তাঁকে বড় অঙ্কে বিক্রি করলে জুভেন্টাসের বড় লাভ হতে পারে। বড় অঙ্কের প্রস্তাব এলে পরিস্থিতি বদলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
kalprakash.com/IM