খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি মসজিদ উদ্বোধন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। একই সময়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের তপ্ত মাস্টারপাড়া ব্রিজেরও উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন। নতুন পাড়া এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মসজিদটি নির্মাণের ফলে স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের ধর্মীয় উপাসনার প্রয়োজন আরও সহজে পূরণ হবে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও জানান, পার্বত্য অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামকে আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
kalprakash.com/IM