সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরের কাছে ধোঁয়া উড়তে দেখা গেছে। এ পরিস্থিতিতে রিয়াদ থেকে বহু ফ্লাইট বিলম্বিত ও বাতিল করা হয়েছে।
বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। তাদের ভাষ্য, বিমানবন্দরে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে, যে কারণে এ বিঘ্ন দেখা দিয়েছে। ওয়েবসাইটটি তাদের ‘ফ্লাইট ডিসরাপশন ইনডেক্সে’ কিং খালিদ বিমানবন্দরকে ৫.০ মানে রেখেছে, যার অর্থ সেখানে ফ্লাইট বাতিল ও বিলম্বের বড় সমস্যা দেখা দিয়েছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সেখানকার বাসিন্দারা বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন। রিয়াদের এক বাসিন্দা এএফপিকে বলেন, “বিমানবন্দরের দিকে আমরা কালো ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছি।”
এর আগে সৌদি আরব বিমান হামলার সতর্কতা জারি করেছিল। এর পরপরই রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের সমস্যার খবর পাওয়া যায়।
গত দুই সপ্তাহ ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের লড়াই চলছে। এর মধ্যেই দেশটির অন্যতম ব্যস্ত বিমানবন্দরে এ ঘটনা ঘটল।
তবে এ অগ্নিকাণ্ড বা ধোঁয়ার কারণ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সৌদি আরবও কোনো মন্তব্য করেনি।
হুথি বিদ্রোহীরা গতকাল শুক্রবার অভিযোগ করেন, সৌদি আরব সানার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন পাঠিয়েছে। তখন তাঁরা জবাব দেওয়ার হুমকি দেন। ওই হুমকির পরপরই শুক্রবার শেষ রাতে সৌদি আরব তাদের বিভিন্ন প্রদেশে বিমান হামলার সতর্কতা জারি করে।
দুই সপ্তাহ আগে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে পূর্ণমাত্রার উত্তেজনা দেখা দেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা চলছে।
সূত্র: এএফপি
kalprakash.com/IM