চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক মহড়ার সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবার দুটির সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং সরকার ও সেনাবাহিনী সর্বদা তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ আবেগঘন সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শহীদ সেনাসদস্যদের স্বজনদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে এই বীর সেনাসদস্যরা জীবন উৎসর্গ করেছেন। তাদের এই মহান আত্মত্যাগ সমগ্র জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকগ্রস্ত পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এই কঠিন শোকের মুহূর্তে সরকার ও দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সব ধরনের দেখভালের দায়িত্ব পালন করবে।
সাক্ষাৎকালে শহীদদের পরিবারের কল্যাণে বিশেষ উদ্যোগের কথা জানানো হয়। আর্থিক অনুদানের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ দুই সেনাসদস্যের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে আধুনিক বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এছাড়া শহীদদের স্ত্রীদের সম্মানজনক চাকরির ব্যবস্থা এবং তাদের নাবালক সন্তানদের জন্য নিয়মিত মাসিক ভাতার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় একটি গোলা বিস্ফোরিত হয়ে দুই সেনাসদস্য শহীদ হন। তারা হলেন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতকালে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার। অন্যদিকে মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।
kalprakash.com/IM