সারাদেশের ন্যায় পাবনার চাটমোহরেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সর্বস্তরের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চাটমোহর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন্দ্রীয় এ উদ্বোধনী পর্বে অংশ নেন।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হুমায়ুন কবির, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক খুরশিদ আলম মিলন, কাজী রবিউল ইসলাম এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তীসহ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিন মাসব্যাপী এ অভিযানের আওতায় চাটমোহরের বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হবে। পাশাপাশি নিয়মিত ড্রেন পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ, মশার লার্ভা নিধনে প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের আঙিনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তাঁরা।
kalprakash.com/IM