জয়পুরহাটের কালাইয়ে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালাই উপজেলার পুনট ইউনিয়নের আফলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৬০) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫০)। এনামুল ইজিবাইক চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কাজ শেষে কালাই থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন নুরনবী ও সোহরাব আলী। পথে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ইজিবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে ইজিবাইকের চালক ও যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নুরনবী মারা যান। দুর্ঘটনায় ইজিবাইক চালক এনামুলের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া যাত্রী সোহরাব আলী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইক চালক এনামুলেরও মৃত্যু হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে।