বলিউড অভিনেত্রী বিপাশা বসু একটি নামী ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে ছোট ছোট কৃমির মতো পোকা পাওয়ার অভিযোগ করেছেন। নতুন কন্টেনার খোলার পর ভেতরে অসংখ্য পোকা দেখতে পেয়েছেন বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে পণ্যটির একটি ভিডিও শেয়ার করেন বিপাশা। সেখানে কন্টেনারের ভেতরের অংশের ক্লোজ-আপ দেখানোর পাশাপাশি আঙুলে করে পোকাগুলো তুলে ধরেন তিনি।
অভিযোগের বিষয়ে উদ্বেগ জানিয়ে বিপাশা বলেন, নতুন খোলা কন্টেনারের ভেতরেই প্রচুর ছোট পোকা রয়েছে। বিষয়টি তদন্তের জন্য মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার তুখারাম মুন্ধেকে ট্যাগ করেন অভিনেত্রী।
ভোক্তাদের নষ্ট বা ভেজাল পণ্য থেকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আস্থার কথাও জানান। তবে বিপাশার অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে অনলাইনে অর্ডার করা খাবারে আরশোলা পাওয়ার অভিযোগ করেছিলেন টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তিনিও বিষয়টি মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নজরে এনেছিলেন।
এদিকে ভারতে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় স্বাস্থ্য বিভাগের অভিযান চলছে। এসব অভিযানে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও দোকানে বাসি, পচা ও অনিরাপদ খাবার পাওয়ার অভিযোগ সামনে এসেছে। পুজোর আগে কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে।
এমন পরিস্থিতির মধ্যেই নামী ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা পাওয়ার অভিযোগ তুলে নতুন করে খাদ্যপণ্যের মান নিয়ে প্রশ্ন তুললেন বিপাশা বসু।