আগামী বছর থেকেই নবপ্রতিষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু করার জোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলা শহরে অস্থায়ী ক্যাম্পাস প্রস্তুত করে প্রাথমিকভাবে ছয়টি বিভাগ চালু করা হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইসরাফিল শাহীন।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী বছর থেকেই আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রাথমিকভাবে ছয়টি বিভাগ চালুর সরকারি অনুমোদন আগামী সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণকাজ শেষ হতে কিছুটা সময় লাগবে। তাই শিক্ষার্থীদের সময়ক্ষেপণ এড়াতে ঠাকুরগাঁও শহরের একটি ভবনে অস্থায়ী ক্যাম্পাস পরিচালনা করা হবে এবং সেখান থেকেই শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও পাঠদান শুরু হবে।
এদিকে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় দুদিনের প্রথম সরকারি সফরের দ্বিতীয় দিনে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের এই জনপদে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আগামী বছর থেকে শিক্ষা কার্যক্রম পুরোদমে চালু হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলাগুলোর শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ ও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
kalprakash.com/IM