লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর উপলক্ষে আর্জেন্টিনাজুড়ে আয়োজিত বিশেষ সম্মাননা কর্মসূচিতে এক অভূতপূর্ব আবহ তৈরি করেছে রোজারিওর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজের মধ্যকার ডার্বি ম্যাচ। মেসির জন্য নির্ধারিত সম্মাননার মুহূর্তে গ্যালারি থেকে করতালির পাশাপাশি শুরু হয় ‘ফিদেও, ফিদেও’ স্লোগান। নিজেদের ঘরের ছেলে ও আর্জেন্টাইন কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়াকে সামনে এনে মুহূর্তটিকে স্মরণীয় করে তোলেন রোজারিও সেন্ট্রালের সমর্থকেরা।
মেসির আইকনিক ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহান্তে দেশটির সব লিগ ম্যাচের দশম মিনিটে এক মিনিটের জন্য খেলা থামিয়ে করতালি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
রোববার গিগান্তে দে আর্রোয়িতো স্টেডিয়ামে রোজারিও ডার্বিতেও নিয়ম মেনে দশম মিনিটে খেলা স্থগিত করা হয়। এ সময় মাঠের খেলোয়াড় ও গ্যালারির একাংশ মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে করতালি দিলেও সেন্ট্রালের সমর্থকদের একটি বড় অংশ তাদের প্রিয় তারকা ডি মারিয়ার ডাকনাম ধরে ‘ফিদেও’ স্লোগানে পুরো স্টেডিয়াম প্রকম্পিত করে তোলে।
ডি মারিয়া রোজারিও সেন্ট্রালেরই সন্তান এবং ক্যারিয়ারের এই পর্যায়ে আবারও নিজের পুরোনো ক্লাবের হয়ে মাঠ মাতাচ্ছেন। অন্যদিকে, শৈশবে নিউয়েলসের যুব একাডেমিতে ফুটবলের পাঠ নিয়েছিলেন মেসি। ফলে দুই ক্লাবের ঐতিহাসিক তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে মেসিকে সম্মান জানানোর বিশেষ মুহূর্তটি শহরের ফুটবল আবেগকে দুই ভাগে বিভক্ত করে তোলে।
তবে নিউয়েলস ওল্ড বয়েজ নিজেদের মতো করেই ঘরের ছেলেকে স্মরণ করে। দলটির জার্সিতে যুক্ত করা হয়েছিল ‘গ্রাসিয়াস লিও’ লেখা বিশেষ প্যাচ ও মেসির ছবি। এমনকি অধিনায়কের আর্মব্যান্ডেও স্থান পায় একই বার্তা।
মাঠের লড়াইয়েও ছিল টানটান উত্তেজনা ও নাটকীয়তা। ম্যাচের একপর্যায়ে গাস্তন আভিলার গোলে এগিয়ে যায় রোজারিও সেন্ট্রাল। তবে খেলার শেষ মুহূর্তে মাতিয়াস কোক্কারোর গোলে সমতায় ফেরে নিউয়েলস। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও পরে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পর্যালোচনার মাধ্যমে গোলটির বৈধতা দেওয়া হয়। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় নিষ্পত্তি হয় রোজারিওর আলোচিত ডার্বিটি।
kalprakash.com/IM