‘খেলার মাঠে আসুন, মাদককে না বলুন’—এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের মণিরামপুরে দেলুয়াবাড়ী সোনারবাংলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শয়লাহাট ফুটবল একাদশ ও মথুরাপুর ফুটবল একাদশ। জমজমাট এ খেলা দেখতে মাঠজুড়ে জড়ো হন স্থানীয় খেলোয়াড়, দর্শক ও ক্রীড়ানুরাগীরা; যার ফলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ওলিয়ার রহমান।
ব্যবসায়ী ও সমাজসেবক জি এম মুন্না আজিজের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহাররঞ্জন রায়সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। সুস্থ ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক জীবনযাপনে উদ্বুদ্ধ করার পাশাপাশি এলাকায় সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার করাই তাদের লক্ষ্য।
kalprakash.com/IM