বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তিনি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে পৌঁছালে সড়কে অবস্থানরত বিপুলসংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলটির প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে এ মোনাজাতে শরিক হন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ উপস্থিত রয়েছেন। এছাড়া দলের জাতীয় স্থায়ী কমিটি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ৩০ আগস্ট এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
kalprakash.com/IM