নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে এ নিয়ে উভয় দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। ভারতের সঙ্গে নানা সমস্যা থাকলেও আলোচনার পথ কখনোই বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই যৌক্তিক ও স্বাভাবিক।
বিগত সরকারের সমালোচনা ও বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে হুমায়ুন কবির বলেন, বিগত সময়ে কীভাবে একটি সীমাহীন দুর্নীতি পরিচালনা করা হয়েছে, তা দেশের জ্বালানি খাতের দিকে তাকালেই বোঝা যায়। তবে বর্তমান প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং এ খাতের সংকট সমাধানে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
বহুপাক্ষিক নিরাপত্তা ফোরাম প্রসঙ্গে তিনি বলেন, ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনা চলছে। এ চুক্তিতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক কিছু নয়; কারণ বর্তমানে বিশ্বের অনেক দেশই জাতীয় স্বার্থ বিবেচনায় একাধিক নিরাপত্তা জোটে অংশ নিচ্ছে। বাংলাদেশও জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, সেখানেই সিদ্ধান্ত নেবে।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, বোয়িং কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা শর্ত কেউ চাপিয়ে দিচ্ছে না। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে প্রকৃত চাহিদা রয়েছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও কেনা হবে।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটি সুবিধাভোগী সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট পুরোপুরি ভেঙে দিয়েছে। এখন স্বচ্ছ প্রক্রিয়ায় ধাপে ধাপে কর্মী পাঠানো নিশ্চিত করা হবে।
মতবিনিময়কালে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM