রংপুরের মিঠাপুকুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলার ১৭টি ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা চত্বরে ১৭টি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা একত্রিত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাথা এলাকা প্রদক্ষিণ করে মিঠাপুকুর ফ্লাইওভারের নিচে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে ফ্লাইওভারের নিচে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন লিকছন পাইকার এবং জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান রানা। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান রানা বলেন, বিরোধী দলের এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি কেবল বিভিন্ন এলাকা পরিদর্শন করে ঘুরছেন। তিনি জনগণের দোরগোড়ায় কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড কিংবা মেগা প্রজেক্ট পৌঁছে দিতে পারেননি।
সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করতে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। বক্তব্য শেষে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে কর্মসূচিস্থল ত্যাগ করেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। এরপর থেকে প্রতিবছর দলটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে।
kalprakash.com/IM